মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই মেক্সিকো থেকে পেরু পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) আঘাত হানা এই ভূমিকম্পের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭। কম্পনটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-কেন্দ্রীয় অঞ্চলের পিতালোজা আররিবা শহর থেকে ১০ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী পানামা সিটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, প্রচণ্ড কম্পনে বহুতল ভবনগুলো কেঁপে উঠলে বাসিন্দারা হুড়োহুড়ি করে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
ভূমিকম্পের পরপরই 'ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম' পরবর্তী তিন ঘণ্টার মধ্যে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানার পূর্বাভাস দেয়। সতর্কবার্তায় বলা হয়, তোড়ে ভেসে যাওয়া ও পানির নিচের ধ্বংসস্তূপের আঘাতে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে।
উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরাতে স্থানীয় প্রশাসনকে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।


