...|...|...

বিশ্ব

৩ বছরে গাজায় ১২৪৪টি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ২১৫০০ শিশু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪৮ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫২
Shares
৩ বছরে গাজায় ১২৪৪টি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ২১৫০০ শিশু

ছবি: সংগৃহীত

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত ২১ হাজার ৫০০ জনের বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া অবরুদ্ধ এই উপত্যকার ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ১ হাজার ২৪৪টি মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সংবাদ সংস্থা মিডেল ইস্ট মনিটরের বরাতে গাজা উপত্যকার সরকারি গণমাধ্যম দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

দফতরটি জানায়, ইসরায়েলি দখলদার সেনাবাহিনী মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ সংঘটিত করে চলেছে এবং আন্তর্জাতিক মানবিক আইন ও কনভেনশনগুলোর ক্রমাগত লঙ্ঘন করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের যুদ্ধবিরতির সব আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী পদ্ধতিগত ও ইচ্ছাকৃতভাবে পরাধীন ও নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং তাদের বসতবাড়িগুলোকে লক্ষ্যবস্তু করছে।

গণমাধ্যম দফতরটি জানায়, দখলদার বাহিনী নিরপরাধ মানুষের, বিশেষ করে শিশুদের রক্ত ঝরিয়ে চলেছে। এই গণহত্যার যুদ্ধ শুরুর পর থেকে শিশু শহীদের সংখ্যা ২১ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে, যা এই সংঘটিত অপরাধের বর্বরতাকে ফুটিয়ে তোলে।

এছাড়া অবরুদ্ধ উপত্যকাটির উপাসনালয়গুলোর ওপর চলমান ধ্বংসযজ্ঞ নিয়েও সতর্ক করেছে গাজার গণমাধ্যম দফতর। তারা জানিয়েছে, গাজার মোট ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ইসরায়েলি বাহিনী ১ হাজার ২৪৪টি মসজিদকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে ১ হাজার ৭৭টি মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গণমাধ্যম দফতরটি জানিয়েছে, এই চলমান গণহত্যা এবং বেসামরিক নাগরিক, শিশু ও ধর্মীয় স্থানগুলোর ওপর ইচ্ছাকৃত হামলার জন্য ইসরায়েল এবং এর পাশাপাশি নীরব আন্তর্জাতিক সম্প্রদায়ও সমানভাবে দায়ী।