বলিউডের জনপ্রিয় জুটি কারিনা কাপুর ও হৃতিক রোশনকে দীর্ঘ ২২ বছর পর আবারও একসাথে দেখা যাচ্ছে। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় ফিরছেন এই দুই তারকা। তাদের নতুন উপস্থিতির আভাস প্রকাশ্যে আসতেই নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা।
এই পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজ্ঞাপনটির একটি টিজার প্রকাশ করেন তিনি। সেখানে ২০০১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এর পু ও রোহন চরিত্রের আদলে দেখা গেছে কারিনা ও হৃতিককে।
টিজারে কারিনাকে পু চরিত্রের মতো ঠোঁটে লিপগ্লস লাগাতে দেখা যায়। অন্যদিকে কালো লেদার জ্যাকেটে হাজির হন হৃতিক। যদিও এখনো দুজনের সম্পূর্ণ সাজ প্রকাশ করা হয়নি। টিজারে কেবল তাদের চেহারার কিছু অংশ দেখানো হয়েছে। এর সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান ‘ইউ আর মাই সোনিয়া’। ফলে পুরোনো সিনেমার স্মৃতি নতুন করে ফিরে এসেছে দর্শকদের মনে।
টিজার প্রকাশের সাথে করণ জোহর লিখেছেন, ‘কিছু গল্প ২৫ বছর পরেও শেষ হয় না...’। তার এই ক্যাপশন ঘিরে বিজ্ঞাপনটি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। আগামী ১৯ নভেম্বর এটি প্রকাশের কথা রয়েছে।
টিজারটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। অনেকেই দীর্ঘদিন পর এই জুটিকে একসাথে দেখে আনন্দ জানিয়েছেন। অভিনেত্রী তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন, ‘আমরা তাদের একসাথে একটি সিনেমায় দেখতে চাই।’ একই প্রত্যাশা জানিয়েছেন আরও অনেকে। কারও মতে, এটি বছরের অন্যতম আকর্ষণীয় জুটি-ফেরার ঘটনা। আবার কেউ বিজ্ঞাপনের পরিবর্তে বড়পর্দায় কারিনা-হৃতিককে একসাথে দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও একাধিক সিনেমায় একসাথে অভিনয় করেছেন কারিনা ও হৃতিক। তাদের অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ইয়াদেঁ’ (২০০১), ‘কাভি খুশি কাভি গাম’ (২০০১), ‘মুঝসে দোস্তি করোগে!’ (২০০২) এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ (২০০৩)। এসব সিনেমায় তাদের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও একসাথে হাজির হওয়ায় পুরোনো সেই জুটিকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন ভক্তদের অপেক্ষা ১৯ নভেম্বরের বিজ্ঞাপন প্রকাশের।


