...|...|...

বিশ্ব

কমবে হিন্দুদের অনুপাত

২০৭০ সালে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
২০৭০ সালে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত

ছবি: সংগৃহীত

আগামী কয়েক দশকেও ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবেই থাকবে। তবে দেশটির ধর্মীয় জনসংখ্যার অনুপাতে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালে ভারতের মোট জনসংখ্যার প্রায় ৭৬ শতাংশ হিন্দু হতে পারে। ২০২০ সালে এই হার ছিল ৭৯ শতাংশ। অন্যদিকে মুসলিমদের অংশ ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে পৌঁছাতে পারে।

গবেষণাটি বিশ্বের ২০১টি দেশের সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এসব দেশ ও গোষ্ঠী মিলিয়ে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ১১১ কোটি। ২০৭০ সালে তা বেড়ে ১২৯ কোটিতে পৌঁছাতে পারে। অর্থাৎ সংখ্যায় হিন্দু জনসংখ্যা বাড়বে প্রায় ১৭ কোটি ৬০ লাখ।

তবে মোট জনসংখ্যার অনুপাতে হিন্দুদের অংশ কিছুটা কমে যেতে পারে।

দুই বছর আগে ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (ইএসি-পিএম) এক গবেষণাতেও ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে হিন্দুদের জনসংখ্যার অনুপাত ৭ দশমিক ৮ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়েছিল। একই সময়ে মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ ও শিখসহ সংখ্যালঘুদের অংশ বেড়েছে।

কেন বদলাতে পারে জনসংখ্যার অনুপাত

পিউ বলছে, বয়স ও প্রজননহারের পার্থক্য এই পরিবর্তনের অন্যতম কারণ। ২০২০ সালে ভারতে মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর, আর হিন্দুদের ২৯ বছর।

গবেষণায় আরও বলা হয়েছে, তিন দশক আগে একজন হিন্দু নারীর গড়ে ৩ দশমিক ৩ সন্তান থাকলেও বর্তমানে তা কমে প্রায় ১ দশমিক ৯-এ নেমে এসেছে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে একজন মুসলিম নারীর গড়ে ২ দশমিক ৩ সন্তান হতে পারে। একই সময়ে একজন হিন্দু নারীর ক্ষেত্রে এই হার হতে পারে ১ দশমিক ৮।

তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দুই থাকবে বলে গবেষণায় বলা হয়েছে।

২০২০ সালে বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার ৯৪ দশমিক ৫ শতাংশই ভারতে বসবাস করত। ২০৭০ সালে ভারতে হিন্দুর সংখ্যা ১২৯ কোটিতে পৌঁছালেও বিশ্বে মোট হিন্দু জনসংখ্যার মধ্যে ভারতের অংশ সামান্য কমে ৯৩ দশমিক ৬ শতাংশ হতে পারে।

বিশ্বজুড়ে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে হিন্দু জনসংখ্যা প্রায় ১৯ কোটি ৯০ লাখ বাড়তে পারে। তবে বিশ্ব জনসংখ্যায় হিন্দুদের অংশ ১৫ শতাংশ থেকে সামান্য কমে ১৪ শতাংশে নামতে পারে।

ভারতের বাইরে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রেও হিন্দু জনসংখ্যা বাড়বে বলে পিউর পূর্বাভাস।

পাকিস্তানে হিন্দু জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৫০ লাখ থেকে ১ কোটি ৩ লাখে পৌঁছাতে পারে। এর পেছনে জন্মের হার মৃত্যুর হারের চেয়ে বেশি থাকাকে প্রধান কারণ হিসেবে ধরা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ২০৭০ সালে হিন্দু জনসংখ্যা বেড়ে ৭৪ লাখে পৌঁছাতে পারে। অভিবাসনকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারতে মুসলিম জনসংখ্যা কত হতে পারে

পিউর পূর্বাভাস অনুযায়ী, ভারতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাতে পারে।

প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, এর ফলে ভারত পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।

তবে একই প্রতিবেদনের পরের অংশে বলা হয়েছে, ২০৭০ সালে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা হতে পারে ৪৬ কোটি ১০ লাখ, নাইজেরিয়া তৃতীয় এবং এরপর ভারত। ফলে প্রতিবেদনের ভেতরেই ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে অসঙ্গতি রয়েছে।

পিউর হিসাবে, ২০৭০ সালে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় ৯ দশমিক ২ শতাংশ ভারতে বসবাস করতে পারে।

২০২০ সালে মুসলিম জনসংখ্যায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়া, এরপর পাকিস্তান ও ভারত।

পিউ রিসার্চ সেন্টারের স্টেফানি ক্রেমার বিবিসিকে বলেন, মুসলিমরা তুলনামূলকভাবে কম বয়সী এবং তাদের প্রজননহারও বেশি।

তিনি আরও বলেন, হিন্দুদের প্রজননহার ইতিমধ্যে প্রতিস্থাপনমাত্রার নিচে নেমেছে। মুসলিমদের প্রজননহার আরও প্রায় দুই দশক এই মাত্রার ওপরে থাকতে পারে।

প্রতিস্থাপনমাত্রা বলতে এমন জন্মহারকে বোঝায়, যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে মোট জনসংখ্যা স্থিতিশীল রাখতে যথেষ্ট।

এই পূর্বাভাস কি নিশ্চিত?

গবেষণাটিতে ২০২০ সালকে ভিত্তিবছর হিসেবে ব্যবহার করা হয়েছে। জনসংখ্যার ভবিষ্যৎ প্রবণতা নির্ধারণে প্রজননহার, মৃত্যুহার ও অভিবাসনের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

তবে পঞ্চাশ বছর দীর্ঘ সময়। এ সময়ে অর্থনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্যসংকট, অভিবাসন, যুদ্ধ-সংঘাত, সরকারি নীতি এবং সামাজিক আচরণে পরিবর্তন আসতে পারে।

তাই গবেষণাটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বরং ২০২০ সালের জনমিতিক ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে ধর্মীয় জনসংখ্যার চিত্র কেমন হতে পারে, তার একটি সম্ভাব্য হিসাব।