মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. লোকমান হোসেন (৪০) দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুঞ্জেরহাট পদ্ম মনসা গ্রাম থেকে লোকমানকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের তোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।
এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমান হোসেনের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে মামলার রায় ঘোষণার আগেই আত্মগোপনে চলে যান তিনি। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা কার্যকরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮-এর অধিনায়কের কাছে প্রয়োজনীয় অধিযাচনপত্র পাঠান। এরপর লোকমানের অবস্থান শনাক্তে গোয়েন্দা তথ্যের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি দল।
একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা।


