জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে পাহাড়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্রমণেও। খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া গাড়িপ্রতি ৫০০ টাকা এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন এ ভাড়া কার্যকর হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি যানবাহন পরিচালনার অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ল। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বাড়ার পর গাড়িভাড়া এক দফায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি সাফারি, জিপ বা পিকআপের ভাড়া এখন ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসায় দিতে হবে ১০ হাজার ৫০০ টাকা। এক রাত অবস্থানের পাশাপাশি নির্ধারিত পর্যটন স্পটগুলো ঘুরে দেখার প্যাকেজ ভাড়া ১২ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া দুই রাত যাপনের ক্ষেত্রে গাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত অবস্থানসহ নির্ধারিত পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝরনা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা। পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।
নির্ধারিত ভাড়া একটি গাড়ির জন্য প্রযোজ্য। একটি গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক যাতায়াত করতে পারবেন। এর বাইরে সাজেকে প্রতিজন পর্যটকের জন্য ২০ টাকা এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা আনুষঙ্গিক খরচ রয়েছে। রাতে অবস্থান করা গাড়ি সকালে ফিরে না এসে বিকালে ফিরলে নির্ধারিত ভাড়ার সাথে আরও ৫০০ টাকা যোগ হবে।
ভাড়া বাড়ানোর বিষয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের বাড়তি দামের সাথে সামঞ্জস্য রেখে গাড়িভাড়া বাড়ানো হয়েছে। সব সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা করে এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।
সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া সমন্বয় করা হয়েছে। সব সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. আরিফ বলেন, শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি থেকে সাজেকগামী সব গাড়ি নতুন নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে।


