...|...|...

বিশ্ব

১২ দিনের ব্যবধানে তুরস্কে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫২
Shares
১২ দিনের ব্যবধানে তুরস্কে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ছবি: সংগৃহীত

তুরস্কে প্রশিক্ষণ উড্ডয়নের সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। মাত্র ১২ দিনের ব্যবধানে দেশটিতে দ্বিতীয়বারের মতো একই ধরনের দুর্ঘটনা ঘটল। এর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন আরও চার সেনা সদস্য।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ মিশন চলাকালে তুরস্কের এসকিশেহির এলাকার একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে পাঁচ সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের প্রাথমিক বিবৃতিতে হেলিকপ্টারটিকে বিমানবাহিনীর এএস-৫৩২ মডেলের বলে উল্লেখ করা হয়। ফ্রান্সে তৈরি এএস-৫৩২ কুগার মূলত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির অঞ্চলের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পর টেলিভিশনে প্রচারিত ছবিতে তেপেবাসি জেলার কাছাকাছি একটি বিস্তীর্ণ খোলা মাঠে উদ্ধারকারী যানবাহন দেখা যায়।

এর আগে গত ১২ নভেম্বর পূর্ব তুরস্কে এস-৭০ মডেলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চার সেনা সদস্য নিহত হন। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। দেশটির সামরিক বাহিনী ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত রয়েছে। তবে ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশটির অভ্যন্তরে কুর্দি বিদ্রোহের অবসান ঘটে। বর্তমানে নিজ ভূখণ্ডে কোনো সশস্ত্র সংঘাতে জড়িত নেই তুরস্ক।