চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফর ঘিরে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন উইঘুর মুসলিম সম্প্রদায়ের কর্মী ও সমর্থকেরা। চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, চীন সরকার দীর্ঘদিন ধরে জিনজিয়াংয়ে উইঘুরদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে, গত কয়েক বছরে ১০ লাখের বেশি উইঘুরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তথাকথিত ‘পুনঃশিক্ষা কেন্দ্রে’ আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ভার্জিনিয়া থেকে বিক্ষোভে অংশ নেওয়া আজিজ সুলায়মান রয়টার্সকে জানান, তার ভাই আলিম সুলায়মান পেশায় একজন দন্তচিকিৎসক। প্রায় ১০ বছর আগে তাকে গ্রেপ্তার করা হয়।
আজিজ বলেন, ‘আমি জানি না তিনি এখন কোথায় আছেন। আমি শুনেছি, কোনো আদালত বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি নির্দোষ। তিনি একজন তরুণ উইঘুর। আমরা চাই তিনি মুক্তি পান।’
হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভে অংশ নেওয়া আরেক কর্মী হায়দার জান বলেন, চীনে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি তুলতে হবে।
হায়দার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই শি জিনপিংয়ের মুখোমুখি হতে হবে।’
এদিকে, চীন সরকার জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। শি জিনপিংয়ের বর্তমান ওয়াশিংটন সফরে মানবাধিকার ইস্যু নিয়ে ট্রাম্প সরাসরি আলোচনা করবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।


