...|...|...

বিশ্ব

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৯
Shares
হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি

ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুথিদের হামলার ধারাবাহিকতায় সৌদি আরবের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আয়োজকদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আগামী বছর কবে এটি অনুষ্ঠিত হবে, তা শিগগিরই জানানো হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনের দশম আয়োজনটি পূর্ণ পরিসরে, উন্নত মানে এবং প্রত্যাশিত প্রভাব নিয়ে আয়োজন করতে চান তাঁরা।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে আয়োজিত অনুষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ‘ডেভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে দেশটির বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণ করাই এর লক্ষ্য।

এফআইআইয়ের ওয়েবসাইট অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট এবং প্রধান তথ্য কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্কের।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে। ‘আনসার আল্লাহ’ নামে পরিচিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক, জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

এদিকে, হুথিদের বারবার হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরকারি সংস্থাগুলো কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এএফপিকে একজন কর্মী ও দুজন পরামর্শক এ তথ্য জানিয়েছেন।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলা ভবন ‘কিংডম সেন্টার’ থেকেও কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে না আসার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় রয়েছে।

রবিবার রাজধানীর একটি সরকারি সংস্থার কর্মীকে পাঠানো বার্তায় জানানো হয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তায় কর্মীদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধও জানানো হয়।

অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী, ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’-এ অবস্থিত বিভিন্ন কোম্পানিও কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।