ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী স্টিভেন পাওলস কেসি (কিংস কাউন্সেল)।
সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান তিনি।
চিঠিতে স্টিভেন পাওলস নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।
এ অবস্থায় শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্টিভেন পাওলস।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক প্রযোজ্য বিভিন্ন সনদের আওতায় উদ্ভূত বাধ্যবাধকতার ভিত্তিতে এ আবেদন করা হয়েছে।
একইসাথে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কী কী নথিপত্র জমা দিতে হবে, সে বিষয়ে হাইকমিশনের পরামর্শ চাওয়া হয়েছে।
চিঠিতে স্টিভেন পাওলস আশা প্রকাশ করেন, বিষয়টি যথাসময়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


