চট্টগ্রামে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে উদ্ধারের কার্যক্রম শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


