জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তমা আক্তারকে হত্যার দায়ে জনি মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে জামালপুর সদর উপজেলার দড়িমোহলপুর এলাকার হামিদুর রহমানের মেয়ে তমা আক্তারের সাথে একই উপজেলার লাহিড়ী কান্দা এলাকার ইয়াকুব আলীর ছেলে জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তমাকে নির্যাতন করতেন জনি মিয়া ও তার পরিবারের সদস্যরা।
২০১৫ সালের ১৯ মার্চ আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী তমা আক্তারকে হত্যা করেন জনি মিয়া। এ ঘটনায় ওই বছরের ৬ এপ্রিল জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন নিহত তমার বাবা হামিদুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় দীর্ঘ শুনানি শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন। রায়ে অপর দুই আসামি ইয়াকুব আলী ও ময়না বেগমকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানান তিনি।


