...|...|...

জাতীয়

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স সরকারের, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৯:৫৭
Shares
‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স সরকারের, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের সমালোচনার মুখে পড়ে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

আইজিপির ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগ নিয়ে কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত মন্তব্যটি করেছেন। তিনি বলেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনা সরকার মেনে নেবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকারের সময়ে এখন পর্যন্ত ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আইনের শাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।