জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারতেন না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তার দাবি, জামায়াত মুখে এক কথা বললেও ধর্ষণ, মাদক কারবার ও চাঁদাবাজিতে দলটি চ্যাম্পিয়ন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, জামায়াত মুখে বলে তারা চাঁদাবাজি, মাদক কারবার ও ধর্ষণের সঙ্গে জড়িত নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াত ধর্ষণ, মাদক কারবার আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন।
তিনি আরও বলেন, আল্লাহ বাংলাদেশকে জামায়াতের হাত থেকে রক্ষা করেছেন। এই দল যদি কখনো ক্ষমতায় আসতে পারত, তবে দেশের মা-বোনেরা ইজ্জত নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারত না।
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।
এ ছাড়া সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


