হরমুজ প্রণালীতে গত দুই রাতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১৯টি জাহাজে সরাসরি আঘাত হানার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের দাবি, অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টা করায় প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে আরও ৭টি জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
ইরানি কর্মকর্তারা বলেছেন, এসব অভিযান এমন সময় পরিচালিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার দাবি করেছিলেন।
তেহরানের ভাষ্য, এই অভিযান ওয়াশিংটনের দাবির বিপরীত চিত্র তুলে ধরে। একই সঙ্গে ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়তে হবে।


