বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীতে বিস্ফোরণের পর তিনটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির নৌবিভাগ জানিয়েছে, অনুমোদনহীন নৌপথ ব্যবহার করতে গিয়ে জাহাজগুলো বিস্ফোরণের কবলে পড়ে। আগুনের ধোঁয়ায় ছেয়ে গেছে প্রণালীর আকাশ।
আইআরজিসির নৌবিভাগের টেলিগ্রামে প্রকাশিত বিবৃতির বরাতে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, দিনের প্রথম প্রহর থেকে হরমুজ প্রণালীতে অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে অনুমোদনহীন নৌপথ ব্যবহার করে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় সামুদ্রিক মাইনে আঘাত লেগে বিস্ফোরণের পর সেগুলোতে আগুন ধরে যায়।
আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর সহযোগিতায় জাহাজগুলো ইরানের নির্ধারিত নৌচলাচল বিধি অমান্য করে চলাচলের চেষ্টা করছিল।
বাহিনীটির নৌবিভাগ আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়মকানুন বারবার সংশ্লিষ্ট সব জাহাজকে জানানো হয়েছে। এরপরও এসব নির্দেশনা অমান্য করে অনুমোদনহীন পথে চলাচল করলে একই ধরনের পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে চলাচলের জন্য ইরানের বিধিনিষেধ সম্পর্কে সব জাহাজকে একাধিকবার অবহিত করা হয়েছে। এসব নিয়ম অমান্য করলে পরিণতি ভিন্ন কিছু হবে না।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজগুলো হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের জলসীমায় জ্বলতে থাকে। তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর পরিচয়, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।



