...|...|...

বিশ্ব

হরমুজে মার্কিন গোয়েন্দা ‘সাবমেরিন’ আটকের দাবি ইরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৮
Shares
হরমুজে মার্কিন গোয়েন্দা ‘সাবমেরিন’ আটকের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি স্বয়ংক্রিয় ডুবোযান আটক করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আইআরজিসি জানায়, আটক করা চালকবিহীন যানটি ‘রেমাস ৬০০’ নামের একটি উন্নত ডুবোযান। এর তথ্য উদ্ধারের জন্য যানটি বর্তমানে আইআরজিসির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছে।

আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স’ আইআরজিসির একটি বিবৃতির বরাত দিয়ে জানায়, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি ‘জটিল ও সুসংহত’ অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনীর ওই ড্রোনটি আটক করা হয়। ইরানের দাবি, ড্রোনটি হরমুজ প্রণালীতে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল।

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তার স্বার্থে যেকোনো ‘বিপজ্জনক তৎপরতা’ ও ‘অননুমোদিত চলাচলের’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

তবে মার্কিন পক্ষ থেকে এই ডুবোযান আটকের দাবির বিষয়ে কোনো তথ্য বা প্রতিক্রিয়া এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।