যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার দাবি করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ বা ‘ট্রাম্প প্রণালী’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যেহেতু এখন এটি আমাদের (যুক্তরাষ্ট্রের) নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের কি হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখা উচিত??? আমেরিকার মতোই এটি আগের চেয়ে অনেক বেশি ‘হট’ বা উত্তপ্ত হবে! খবর এনডিটিভির।
মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ভৌগোলিক নাম পরিবর্তনের এটি সর্বশেষ ঘটনা। এর মাত্র এক সপ্তাহ আগে কানাডার সাথে বাণিজ্য যুদ্ধের মধ্যে তিনি অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিনেই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রেখেছিলেন।
প্রসঙ্গত, ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের পূর্বের এ ধরনের নাম পরিবর্তনের বেশিরভাগই প্রথমে রসাত্মক মন্তব্য বলে মনে হলেও পরবর্তীতে তিনি সেগুলো বাস্তবে রূপ দিয়েছিলেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বারবার হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব দাবি করার হুমকি দিয়ে আসছেন এবং এমনকি এই জলপথটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি ম্যাপও পোস্ট করেছিলেন।
তবে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ট্রাম্প ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান এই প্রণালীটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে, যে পথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।
এদিকে, ইরানের পক্ষ থেকে নতুন করে মাইন পাতার চেষ্টার জবাবে মঙ্গলবার মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছাকাছি নতুন করে হামলা চালানোর পর তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।


