...|...|...

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. তানভীর

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৩
Shares
সড়ক দুর্ঘটনায় আহত শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. তানভীর

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তানভীর আহমেদ। ছবি: টাইমস টুডে

শেরপুর শহরের চকপাঠক এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তানভীর আহমেদ। দুর্ঘটনায় তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বর্তমানে তিনি ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জামালপুর থেকে মোটরসাইকেলে শেরপুর ফেরার পথে শহরের চকপাঠক এলাকায় সিএনজি অটোরিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থোপেডিক হাসপাতাল (প্রা.) লিমিটেডে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় পরে তাকে ঢাকার শ্যামলীতে অবস্থিত ট্রমা সেন্টার অ্যান্ড এও অর্থোপেডিক হাসপাতাল (প্রা.) লিমিটেডে স্থানান্তর করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সেখানে প্রায় তিন ঘণ্টাব্যাপী তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন অর্থোপেডিক সার্জন ডা. মানস চন্দ্র সরকার।

ডা. তানভীর আহমেদের ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ বলেন, তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে কয়েক দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. আসাদুজ্জামান।

ডা. তানভীর আহমেদ ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। জানা গেছে, জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার পর মোটরসাইকেলে শেরপুরে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।