শেরপুরের নকলায় সাপের কামড়ে আহত মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় কামড় দেওয়া সাপটিকেও সাথে নিয়ে হাজির হয়েছেন এক বাবা। চিকিৎসকদের কাছে সাপটি দেখিয়ে দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করতেই তিনি এমন উদ্যোগ নেন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিয়া মনি (২০) উপজেলার দড়িপাড়া গ্রামের আকাব্বর আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রিয়া মনিকে একটি সাপ কামড় দেয়। মেয়ের অবস্থা দেখে আতঙ্কিত হলেও সময় নষ্ট না করে আকাব্বর আলী সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। এরপর মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
হাসপাতালে চিকিৎসকেরা সাপটি পরীক্ষা করে জানান, এটি বিষধর নয়। এরপর রিয়া মনিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুত রয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, মেয়েটিকে যে সাপটি কামড়েছে সেটি বিষধর নয়। তবে রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় এবং স্বজনদের সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মেয়েকে বাঁচানোর তাগিদে কামড় দেওয়া সাপটিকেও সাথে নিয়ে হাসপাতালে হাজির হওয়ার ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। চিকিৎসকদের মতে, সাপটি সাথে থাকায় দ্রুত প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে, যা চিকিৎসা নির্ধারণে সহায়ক হয়েছে।


