পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আমরা ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।’
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় বিএনপির আয়োজনে সালথা উপজেলা সদরে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উন্নয়ন বিএনপি সরকারের পক্ষেই সম্ভব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই উন্নয়ন সম্ভব। গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় থাকায় দেশের কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখন আমাদের সুযোগ এসেছে উন্নয়ন করার।’ আগামী দিনে প্রতিটি ইউনিয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি উন্নত মানের মাদরাসা গড়ে তোলা হবে।
শিশুদের উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে অলকান্দার মানুষের ভাগ্য উন্নয়ন করাই হবে তাদের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার। সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। এ সময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


