...|...|...

রাজনীতি

চলমান সংকট নিরসনে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, রাত ৯:৩৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১১:৪৭
Shares
চলমান সংকট নিরসনে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে রাষ্ট্রপতি বরাবর এ চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ।

চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ার পাশাপাশি শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে।

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দেশের এমন সংকটাপন্ন পরিস্থিতিতে নীরব থাকা সম্ভব নয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।

দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলায় আর কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।