...|...|...

রাজনীতি

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ব্যর্থ, সেই পুরোনো অডিও মুছে দিল আ.লীগ

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ব্যর্থ, সেই পুরোনো অডিও মুছে দিল আ.লীগ

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে তার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রকাশ করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে অডিওটি অন্তত এক বছর আগের বলে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে আসার পর সেটি নিজেদের ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছে দলটি।

শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’-এ অডিওটি প্রচার করা হয়। এর মাধ্যমে শেখ হাসিনা সুস্থ আছেন বলে বোঝানোর চেষ্টা করা হয়।

তবে দ্য ডিসেন্টের ফ্যাক্টচেকিংয়ে অডিওটি পুরোনো বলে প্রমাণিত হয়। এরপর আওয়ামী লীগের পেজ থেকে সেটি সরিয়ে ফেলা হয়। শনিবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে অডিওটির আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে। এর মধ্যেই তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে অডিওটি প্রকাশ করা হয়েছিল।

তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে দেখা গেছে, আওয়ামী লীগের পেজে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।