...|...|...

জাতীয়

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫০
Shares
পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে সুনির্দিষ্ট জবাব দেয়‌নি ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। আইনি বিষয়ে মন্তব্য না করে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্রের আদান-প্রদানও অব্যাহত রয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায়টি সদ্য হওয়ায় আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।

তিনি বলেন, আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে।

তিনি জানান, ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়া পর্যন্ত এ বিষয়ে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।