যশোর-মনিরামপুর মহাসড়কে দুর্ঘটনা এড়াতে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ভাঙা অংশ মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংস্কারকাজ করা হয়।
স্থানীয়দের চলাচলে দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়েছে।
সংস্কারকাজে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. মোজাহার আলী, ওয়ার্ড বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা রবি, স্বেচ্ছাসেবক দল নেতা বিপুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, মহাসড়কের ভাঙা অংশটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দ্রুত সংস্কারের ফলে আপাতত দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।


