চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল আলোকদিয়া বাজারে তার বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
একাধিক সূত্রে জানা গেছে, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেফতারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


