...|...|...

বিশ্ব

স্বল্প উঁচুতে উড়তে সক্ষম ‘বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৪
Shares
স্বল্প উঁচুতে উড়তে সক্ষম ‘বিধ্বংসী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তান বর্ধিত পাল্লার ‘ফাতাহ-৪’ ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের পরীক্ষা চালানো হয়। 

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতির বরাতে সংবাদমাধ্যম ডন জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ মিসাইলে উন্নত এভিওনিক্স ও অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুলতার সঙ্গে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে বলা হয়, পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির উন্নত নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা বাড়াতে যুক্ত বিভিন্ন উপ-ব্যবস্থার কারিগরি কার্যকারিতাও যাচাই করা হয়েছে।

পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সফল পরীক্ষার জন্য জাতিকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, ‘ফাতাহ-৪’ ক্রুজ মিসাইলের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষা প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এর আগে মে মাসে আর্মি রকেট ফোর্স কমান্ড ‘ফাতাহ-৪’ গ্রাউন্ড-লঞ্চড ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। তার আগের মাসে একই কমান্ড ‘ফাতাহ-২’ মিসাইল সিস্টেমের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করে। একই সময়ে পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলেরও সফল উৎক্ষেপণ করে।

২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ-৪’ ক্রুজ মিসাইলের সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণও সম্পন্ন করেছিল।

সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে পাকিস্তান। দেশটির ক্রমবর্ধমান নির্ভুল আঘাত হানার সক্ষমতাসম্পন্ন অস্ত্রভাণ্ডারের একটি অংশ ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্র।