...|...|...

তথ্যপ্রযুক্তি

স্পেসএক্স রকেটের অংশ আছড়ে পড়ল চাঁদে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, বিকেল ৩:৩৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৮
Shares
স্পেসএক্স রকেটের অংশ আছড়ে পড়ল চাঁদে

ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় ধ্বংসাবশেষ চাঁদে আছড়ে পড়েছে। ছবি: সংগৃহীত

স্পেসএক্সের একটি ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় ধ্বংসাবশেষ চাঁদে আছড়ে পড়েছে। এতে চন্দ্রপৃষ্ঠে নতুন একটি গর্ত সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা উচ্চগতির মহাজাগতিক সংঘর্ষ এবং চাঁদের ধূলিকণার আচরণ নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি করবে।

বুধবার (৫ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শুরুতে উৎক্ষেপণ করা ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় ধাপের প্রায় চার টন ওজনের অংশটি চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে ঘণ্টায় প্রায় ৮ হাজার ৭০০ কিলোমিটার গতিতে আঘাত হানে। এই সংঘর্ষের শক্তি প্রায় তিন টন টিএনটি বিস্ফোরণের সমান ছিল।

সাধারণত এ ধরনের রকেটের অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে পুড়ে যায়। তবে প্রায় ১৮ মাস ধরে সূর্য, পৃথিবী ও চাঁদের মহাকর্ষীয় প্রভাবে এর গতিপথ বদলে যায় এবং শেষ পর্যন্ত এটি চাঁদে আছড়ে পড়ে।

স্পেসএক্সের নাসা বিজ্ঞান ও ড্রাগন প্রোগ্রামের পরিচালক জুলিয়ানা শেইম্যান বলেন, সৌর কার্যকলাপ ও মহাকর্ষীয় শক্তির সম্মিলিত প্রভাবে রকেটের অংশটি চাঁদের দিকে চলে যায়। অবশিষ্ট জ্বালানির কারণে এই গতিপথ আর পরিবর্তন করা সম্ভব হয়নি।

এদিকে, নাসার লুনার রিকনসান্স অরবিটার (এলআরও) এবং দক্ষিণ কোরিয়ার দানুরি মহাকাশযান সংঘর্ষস্থল পর্যবেক্ষণ করবে। বিজ্ঞানীরা নতুন তৈরি হওয়া গর্ত এবং ছড়িয়ে পড়া চন্দ্রধূলিকণা বিশ্লেষণ করে ভবিষ্যৎ গবেষণায় ব্যবহার করবেন।

মহাকাশ পর্যবেক্ষণ বিশেষজ্ঞ বিল গ্রে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ঝুঁকি না থাকলেও মহাকাশে পরিত্যক্ত রকেট ও যন্ত্রাংশ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, এটি পরিত্যক্ত রকেটের অংশ চাঁদে আছড়ে পড়ার দ্বিতীয় নিশ্চিত ঘটনা। এর আগে ২০২২ সালে একটি চীনা লং মার্চ ৩সি রকেটের অংশ চাঁদের দূরবর্তী অংশে আঘাত হেনে দুটি গর্ত তৈরি করেছিল।