...|...|...

তথ্যপ্রযুক্তি

সদ্য বাজারে আসা আইফোন ১৮ প্রো ম্যাক্সেও গ্রিনলাইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫১
Shares
সদ্য বাজারে আসা আইফোন ১৮ প্রো ম্যাক্সেও গ্রিনলাইন

বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের ডিসপ্লেতে সবুজ, গোলাপি ও লাল লম্বালম্বি দাগ দেখা দেওয়ার দাবি করেছেন কয়েকজন ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ব্যবহারকারীদের প্রকাশিত ভিডিওগুলোতে নতুন আইফোনের পর্দায় ‘গ্রিনলাইন’ দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পাওয়ার কথা জানানো হয়েছে।

কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, সমস্যাটি নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগের পর তাদের ফোন পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ঠিক কতটি আইফোনে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে, তার কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি। সমস্যাটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এমন প্রমাণও নেই।

একইভাবে, নির্দিষ্ট কোনো হার্ডওয়্যার যন্ত্রাংশের ত্রুটির কারণে ডিসপ্লেতে এ ধরনের দাগ দেখা দিচ্ছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আইফোন ১৮ প্রো সিরিজের এ সমস্যার সাথে স্যামসাংয়ের নাম জড়াচ্ছেন। এর কারণ, অ্যাপলের উচ্চমূল্যের আইফোনের ডিসপ্লের একটি বড় অংশ স্যামসাং ডিসপ্লে সরবরাহ করে থাকে।

স্যামসাং অ্যাপলের উচ্চমানের ফোনের জন্য লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন সিলিকন অক্সাইড প্লাস (এলটিপিও প্লাস) ওএলইডি প্যানেল সরবরাহ করে। এসব প্যানেলের ড্রাইভার ইউনিটে অক্সাইড প্রযুক্তি ব্যবহৃত হয়, যা তুলনামূলকভাবে বিদ্যুৎ সাশ্রয়ী।

তবে স্যামসাংয়ের তৈরি ডিসপ্লে প্যানেলই আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের কথিত সমস্যার জন্য দায়ী এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি। ফলে সমস্যাটির প্রকৃত কারণ জানতে আরও তথ্য ও প্রযুক্তিগত পর্যালোচনার প্রয়োজন রয়েছে।