...|...|...

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৯
Shares
হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ পাঠিয়ে পরে সেটি সবার জন্য মুছে দিলে কৌতূহল তৈরি হওয়াটা স্বাভাবিক। বিশেষ করে নোটিফিকেশনে মেসেজের কিছুটা দেখা যাওয়ার পর সেটি হঠাৎ উধাও হলে অনেকেই জানতে চান, কী লেখা ছিল। অ্যান্ড্রয়েড ফোনে থাকা নোটিফিকেশন হিস্টোরি ফিচার কিছু ক্ষেত্রে সেই মেসেজের নোটিফিকেশন থেকে তথ্য দেখাতে পারে। তবে এটি হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ সরাসরি ফিরিয়ে আনে না।

নোটিফিকেশন হিস্টোরি কী?

অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন হিস্টোরি মূলত ফোনে আসা নোটিফিকেশনের রেকর্ড রাখে। হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন এতে জমা হতে পারে। ফলে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ ফোনে নোটিফিকেশন হিসেবে আসার পর প্রেরক সেটি ডিলিট করে দিলে, আগে পাওয়া নোটিফিকেশনের লেখার অংশ নোটিফিকেশন হিস্টোরিতে দেখা যেতে পারে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ ফিচারটি মেসেজ উদ্ধার করে না। বরং ফোনে আগে যে নোটিফিকেশন এসেছিল, তার রেকর্ড দেখায়।

আগে থেকেই চালু করতে হবে

নোটিফিকেশন হিস্টোরি ব্যবহার করতে হলে সাধারণত ফিচারটি আগে থেকে সক্রিয় করে রাখতে হয়। গুগল পিক্সেল, মটোরোলাসহ অনেক অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস খুলে নোটিফিকেশন > নোটিফিকেশন হিস্টোরি অপশনে যেতে পারেন। এরপর ইউজ নোটিফিকেশন হিস্টোরি চালু করতে হবে। ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী সেটিংসের নাম বা অবস্থান কিছুটা আলাদা হতে পারে। অপশনটি খুঁজে না পেলে সেটিংসের সার্চ বক্সে নোটিফিকেশন হিস্টোরি লিখে খুঁজে নিতে পারেন। স্যামসাং গ্যালাক্সি ফোনে সাধারণত সেটিংস > নোটিফিকেশন > অ্যাডভান্সড সেটিংস > নোটিফিকেশন হিস্টোরি-এর মধ্যে এই অপশন পাওয়া যায়।

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ কীভাবে দেখা যাবে?

নোটিফিকেশন হিস্টোরি চালু করার পর হোয়াটসঅ্যাপে নতুন কোনো মেসেজ এলে তার নোটিফিকেশন রেকর্ড হতে পারে। পরে প্রেরক মেসেজটি ডিলিট করলে সেটিংস থেকে নোটিফিকেশন হিস্টোরি খুলে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনটি খুঁজে দেখা যায়। তবে মেসেজটি ফোনে নোটিফিকেশন হিসেবে আসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট চ্যাটের নোটিফিকেশন বন্ধ থাকলে বা মেসেজটি এমনভাবে সেট করা থাকলে যে নোটিফিকেশন দেখা যায়নি, তাহলে নোটিফিকেশন হিস্টোরি-তে তার রেকর্ড নাও থাকতে পারে।

সব মেসেজ কি দেখা যাবে?

না। নোটিফিকেশন হিস্টোরি কোনো নিশ্চয়তা দেয় না যে ডিলিট হওয়া পুরো মেসেজটি দেখা যাবে। সাধারণত নোটিফিকেশনে যতটুকু লেখা দেখানো হয়েছিল, তার ভিত্তিতেই তথ্য পাওয়া যায়। ফলে বড় মেসেজের সম্পূর্ণ অংশ সেখানে নাও থাকতে পারে। ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়ার ক্ষেত্রেও একইভাবে সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া নোটিফিকেশন হিস্টোরিতে পুরোনো নোটিফিকেশন দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে না। অনেক অ্যান্ড্রয়েড ফোনে সাম্প্রতিক প্রায় ২৪ ঘণ্টার নোটিফিকেশন দেখা যায়। তাই মেসেজ ডিলিট হওয়ার অনেক পরে গিয়ে খুঁজলে সেটি আর পাওয়া নাও যেতে পারে।

শুধু হোয়াটসঅ্যাপ নয়

নোটিফিকেশন হিস্টোরির কাজ অবশ্য শুধু ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। ভুল করে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সরিয়ে ফেললেও সেটি আবার খুঁজে পাওয়ার কাজে এই ফিচার ব্যবহার করা যায়। কোন অ্যাপ থেকে ঘন ঘন নোটিফিকেশন আসছে, সেটিও এখান থেকে বোঝা সম্ভব।

তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নোটিফিকেশন হিস্টোরি বেশ কার্যকর একটি ফিচার। তবে এটিকে ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ পুনরুদ্ধারের নিশ্চিত পদ্ধতি হিসেবে ভাবা ঠিক নয়। ফোনে নোটিফিকেশন পৌঁছানো, ফিচারটি আগে থেকে চালু থাকা এবং ফোনের নিজস্ব সফটওয়্যার সবকিছুর ওপর ফলাফল নির্ভর করতে পারে।