...|...|...

সারাদেশ

লক্ষ্মীপুরে তিনটি রকেট ওয়ারহেড উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, রাত ৮:০৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৭
Shares
লক্ষ্মীপুরে তিনটি রকেট ওয়ারহেড উদ্ধার

ছবি: টাইমস টুডে

লক্ষ্মীপুরে পানি সরবরাহ লাইন মেরামতের জন্য মাটি খননের সময় প্রায় সাড়ে চার ফুট গভীর থেকে রকেটসদৃশ তিনটি বিস্ফোরক পাওয়া গেছে।

জেলার রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা তাজল ওসি সড়কের শহিদ মাস্টার বাড়ি সংলগ্ন এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। তবে পুলিশ ঘটনাস্থলে ঘিরে রেখেছে এবং বিস্ফোরকগুলো রকেট হতে পারে বলে জানিয়েছেন রামগতি থানার ওসি লিটন দেওয়ান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে আলেকজান্ডার পৌরসভার আ স ম আবদুর রব সরকারি কলেজের পাশ দিয়ে যাওয়া তাজল ওসি সড়কে পানি সরবরাহ লাইন মেরামতের জন্য শ্রমিকরা মাটি খনন শুরু করেন। একপর্যায়ে প্রায় সাড়ে চার ফুট গভীরে ধাতব বস্তুর অস্তিত্ব টের পান তারা। পরে মাটি সরিয়ে রকেটসদৃশ তিনটি বস্তু দেখতে পেয়ে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে রামগতি থানা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ধারণা, বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে এবং দীর্ঘদিন ধরে মাটির নিচে চাপা অবস্থায় ছিল। ২০১৭ সালে সড়কটি নির্মাণের সময় এত গভীর পর্যন্ত খনন না হওয়ায় সেগুলো তখন শনাক্ত হয়নি।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকেটসদৃশ তিনটি বিস্ফোরক চিহ্নিত করেছে। জননিরাপত্তার স্বার্থে ওই এলাকা পুলিশি নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। বস্তুগুলোতে সরাসরি হাত না দিয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে এগুলোর প্রকৃত পরিচয়, কার্যক্ষমতা ও কারিগরি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।