অর্থ আত্মসাতের মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই সাবেক কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী এ তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুলনার খান এ সবুর রোডের মেসার্স মিংহুয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও সাজেদা ওয়াহাব এন্ড সন্সের প্রোপ্রাইটর শেখ আবু রাশেদ, প্রাইম ব্যাংক লিমিটেডের খুলনা শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহিরুল হক এবং একই শাখার সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী রবিউল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, মামলাটির রায় ঘোষণার সময় তিন আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পথ খুলেছে। মামলাটিতে আদালতের রায়ে আসামিদের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড দুই ধরনের সাজা দেওয়া হয়েছে।


