স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি কমিশনের রয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে এখনো কোনো আলোচনা হয়নি। তবে কমিশন নিজেদের প্রস্তুতি ধরে রেখেছে। অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু না হলে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।
এদিকে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আটটি দল এখনো তাদের হিসাব জমা দেয়নি।
হিসাব জমা না দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে- জাগপা, তৃণমূল বিএনপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় নাগরিক পার্টি, আম জনতার দল ও জনতার দল।
ইসি সূত্র জানায়, নিবন্ধিত দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই। তবে ওই দিন সরকারি ছুটি থাকায় সময় বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল তাদের হিসাব জমা দিয়েছে। অন্যদিকে, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে।
আখতার আহমেদ জানান, এনসিপি ও আমজনতার দলসহ আটটি দল এখনো কোনো হিসাব জমা দেয়নি।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো তারিখ বা সময়সূচি নির্ধারণ হয়নি। তবে নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।


