...|...|...

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন

নতুন ভোটার ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত: ইসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৫৪ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৩
Shares
নতুন ভোটার ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত: ইসি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলানোর সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ দুই ধরনের আবেদন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পুরো প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। এসব আবেদন ইস্যুর সময়সীমা ৩ নভেম্বর এবং স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভুল বা অসংগতি থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ২৪ নভেম্বর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর ২৫ নভেম্বর চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৬। সে অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া যেসব ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা ডেটাবেইসে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সাধারণ মানুষকে তালিকা যাচাই এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন করার বিষয়ে সচেতন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। এ জন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের সহযোগিতায় এ বিষয়ে প্রচার চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় ভোটার তালিকায় লিঙ্গ ও ধর্মসংক্রান্ত ভুলসহ অন্যান্য অসংগতি শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুরুষ ভোটারের তালিকায় নারী ভোটার কিংবা নারী ভোটারের তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সাথে ধর্মসংক্রান্ত ভুল এবং অন্যান্য ত্রুটিও সংশোধন করতে হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। এর আগে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চায় সংস্থাটি।