...|...|...

জাতীয়

সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে সাবলেট ভাড়া দেওয়া এবং আবাসিক এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোয়ার্টারের পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে সরকারি কোয়ার্টারে সাবলেট ভাড়া দেওয়ার বিষয়টি জানতে পেরে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়া বৈধ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদি এটি বৈধ না হয়, তাহলে কীভাবে এমন ব্যবস্থা চলছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

কোয়ার্টারের সার্বিক পরিবেশ ঘুরে দেখার সময় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি নজরে আসে তার। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চান তিনি। পাশাপাশি কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা উন্নত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে আবাসিক এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সাথে পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কোয়ার্টারের বাসিন্দাদেরও সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আবাসিক এলাকার বাসিন্দারা এলাকার ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা এলাকার পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।