...|...|...

জাতীয়

ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
ভোটার নিবন্ধনের পর নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে আবেদন বাতিল

ছবি: সংগৃহীত

অনলাইনে আবেদন করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে সংশ্লিষ্ট আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই ব্যবস্থা কার্যকর করতে নতুন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজারকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করার পর কোনো আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে অফিসে না এলে সিস্টেম থেকেই আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এদিকে মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোতে সংরক্ষিত পুরোনো ভোটার নিবন্ধন ফরম এবং গোডাউনে থাকা অপ্রয়োজনীয় দ্রব্যাদি স্থানান্তরের সিদ্ধান্তও নিয়েছে কমিশন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০১২ সাল থেকে জেলা ও উপজেলা কার্যালয়ে সংরক্ষিত ‘স্ক্যান’ ও ‘আপলোড’ করা ভোটার নিবন্ধন ফরম-২ এবং অপ্রয়োজনীয় সামগ্রী আগামী ৩১ অক্টোবরের মধ্যে কাগজ মণ্ড তৈরির কাজে ব্যবহারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

তবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত ফরম-২ আগের নিয়মেই সংরক্ষণ করতে বলা হয়েছে। অর্থাৎ, পুরোনো এই তথ্যগুলো অক্ষত রেখে কেবল ২০১২ সাল থেকে পরবর্তী সময়ের কাগজপত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।