...|...|...

বিশ্ব

স্ত্রীসহ নেতানিয়াহুর আল-আকসা সফর, বললেন ‘আমরা চিরকাল এখানেই থাকব’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫১
Shares
স্ত্রীসহ নেতানিয়াহুর আল-আকসা সফর, বললেন ‘আমরা চিরকাল এখানেই থাকব’

ছবি: সংগৃহীত

ইহুদিদের পবিত্র দিন ইম কিপুর উপলক্ষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনায় অংশ নেন এবং আল-আকসা মসজিদের নিচের সুড়ঙ্গগুলো পরিদর্শন করেন। এর মধ্যেই কঠোর পুলিশি নিরাপত্তায় শত শত ইসরায়েলি বসতিস্থাপনকারী পবিত্র এই প্রাঙ্গণে প্রবেশ করে হানা দেয়।

ইহুদি বর্ষপঞ্জির পবিত্রতম দিন ইম কিপুরের আগে গত শনিবার রাতে আল-আকসার ঠিক পাশেই অবস্থিত ওয়েস্টার্ন ওয়ালে স্লিচট প্রার্থনায় যোগ দিতে হাজার হাজার ইসরায়েলির সাথে যোগ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর প্রধানমন্ত্রী একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে এবং তার স্ত্রী সারাকে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের নিচের সুড়ঙ্গগুলো পরিভ্রমণ করতে দেখা যায়।

তিনি বলেন, আমাদের অস্তিত্বের পাথরে স্পর্শ করা সত্যিই আবেগঘন বিষয়। আমরা এখানে পবিত্রতম স্থানের খুব কাছেই অবস্থান করছি। আমরা এখানেই আছি এবং চিরকাল এখানেই থাকব।

অন্যদিকে, ইসরায়েলের সরকারি মন্ত্রী ও কর্মকর্তাসহ হাজার হাজার মানুষ ওয়েস্টার্ন ওয়াল প্লাজায় স্লিচট প্রার্থনায় অংশ নেন।

এদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন গভিরসহ শত শত ইসরায়েলি আল-আকসায় প্রবেশ করে হানা দেয়। ভারী পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের ভেতরে বেন গভিরকে অন্যান্য ইসরায়েলিদের সাথে প্রার্থনা করতে দেখা যায়।

ফিলিস্তিনের কর্তৃপক্ষের জেরুজালেম গভর্নরেট জানিয়েছে যে রবিবার প্রায় ৮০০ মানুষ ওই চত্বরে প্রবেশ করেছিল। ইহুদি ছুটির মৌসুম শুরু হওয়ার সাথে সাথে জেরুজালেমের ওল্ড সিটি এবং আল-আকসার চারপাশে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, বসতিস্থাপনকারীদের আল-আকসার আশপাশের এলাকায় প্রবেশ নিশ্চিত করতে ইসরায়েলি বাহিনী ওল্ড সিটিকে একটি সামরিক ব্যারাকে রূপান্তর করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবারও আরও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং সকালের এই অভিযানে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেয়।

এদিকে, মুসলিম ওয়ার্ল্ড লিগ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে এর মহাসচিব ড. মোহাম্মদ আল-ইসা বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উসকানি দেয় এমন উসকানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মসজিদ এবং এর আইনি স্ট্যাটাস কো বা স্থিতাবস্থার বারবার লঙ্ঘনের বিষয়টি বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

স্ট্যাটাস কো বলতে আল-আকসা মসজিদের প্রবেশাধিকার এবং এর পরিচালনা সংক্রান্ত কয়েক দশকের পুরোনো ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থার অধীনে পুরো ১৪৪ ডুনাম (১৪.৪ হেক্টর) চত্বরটি একটি ইসলামী পবিত্র স্থান হিসেবে স্বীকৃত। মসজিদের প্রবেশাধিকার, প্রার্থনার ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ এবং খননকাজের দায়িত্ব জেরুজালেম ইসলামিক ওয়াকফ নামক ধর্মীয় ট্রাস্টের ওপর ন্যস্ত।

তবে ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকেই ইসরায়েল ধীরে ধীরে ওয়াকফকে পাশ কাটিয়ে চলেছে এবং প্রায় প্রতিদিনের অনুপ্রবেশ ও সাইটে ইহুদিদের প্রার্থনার অনুমতি দেওয়ার মতো পদক্ষেপের মাধ্যমে স্ট্যাটাস কো বা স্থিতাবস্থাকে দুর্বল করে দিয়েছে।