...|...|...

বিশ্ব

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল জার্মান দূতাবাস, আবেদন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৫
Shares
স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল জার্মান দূতাবাস, আবেদন যেভাবে

ছবি: সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। 

রবিবার (১৫ নভেম্বর) সকালে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে দূতাবাস।

দূতাবাস জানায়, বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে তারা। বিবৃতিতে বলা হয়, স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টাল (আউসল্যান্ডসপোর্টাল) চালু করা হচ্ছে। এই নতুন ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের প্রক্রিয়াটি আরও স্বচ্ছ, কার্যকর ও সুনিশ্চিত হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ বাড়ানোর পাশাপাশি ভিসা আবেদনপ্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী ও কার্যকর করতে নতুন এই কনসুলার সার্ভিসেস পোর্টাল চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগেই অনলাইনে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া দূতাবাসের বাহ্যিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএসের (ভিএফএস) মাধ্যমে আগেই নথিপত্রের প্রাথমিক যাচাই করিয়ে নেয়ার সুযোগ থাকবে।

নতুন ব্যবস্থায় দূতাবাসে সশরীরে উপস্থিত থাকার সময়ও কমানো হয়েছে। সেখানে মূলত আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও চূড়ান্ত যাচাইয়ের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি পোর্টালের ড্যাশবোর্ড থেকে আবেদনের সর্বশেষ অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে যৌথভাবেও আবেদন জমা দেয়ার সুযোগ থাকছে।

বাতিলঅপেক্ষমাণ তালিকা, করতে হবে নতুন আবেদন
তবে নতুন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে আগের পদ্ধতিতে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। ফলে জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে আগ্রহী সব শিক্ষার্থীকে নতুন করে নিবন্ধন করতে হবে। যারা আগের পদ্ধতিতে নিবন্ধন করে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় ছিলেন, তাদেরও এর আওতায় আসতে হবে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা নিবন্ধনগুলো নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না এবং সেগুলো আর কার্যকর থাকবে না। তাই আগে থেকে অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন জমা দিতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীরা জার্মানির ফেডারেল পররাষ্ট্র দফতরের ডিজিটাল কনসুলার সার্ভিস পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, বিস্তারিত নির্দেশিকা ও আবেদনসংক্রান্ত তথ্যও পাওয়া যাবে ওই পোর্টাল এবং জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে। (আবেদনের ঠিকানা- https://digital.diplo.de/)