...|...|...

অর্থনীতি

স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:১৬
Shares
স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন যারা

ছবি: সংগৃহীত

দেশে নতুন উদ্যোক্তা তৈরি, উদ্ভাবনী ধারণার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ অনুদানের জন্য দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন।

এ লক্ষ্যে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত ১১ নভেম্বর নীতিমালাটি জারি করা হয়। পরদিন ১২ নভেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়।

নীতিমালা অনুযায়ী, স্টার্টআপের বিকাশের পর্যায় বিবেচনায় এক লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। আইডিয়া উন্নয়নের জন্য এক থেকে তিন লাখ টাকা, প্রোটোটাইপ ও ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) তৈরির জন্য তিন থেকে ১০ লাখ টাকা এবং ইনভেস্টমেন্ট রেডিনেস, ব্রিজ ও ম্যাচিং ফান্ডিংয়ের ক্ষেত্রে ১০ থেকে ৩০ লাখ টাকা অনুদান দেওয়া যাবে। তবে বিশেষ পরিস্থিতিতে যৌক্তিকতা বিবেচনায় অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে।

প্রোটোটাইপ ও এমভিপি পর্যায়ে ব্যক্তিগত আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অনুদান পাবেন।

নীতিমালায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের স্টার্টআপের উদ্ভাবনী ধারণাকে বাজারজাতযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর, নতুন ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, রফতানি সক্ষমতা তৈরি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এ অনুদান কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি সরকারি অর্থায়নে স্বচ্ছতা, প্রতিযোগিতা, জবাবদিহি ও ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

যেভাবে দেওয়া হবে অনুদান

স্টার্টআপের বিকাশের জন্য নীতিমালায় তিনটি পর্যায় নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে থাকবে প্রি-আইডিয়েশন ও আইডিয়া উন্নয়ন। এ ধাপে উদ্ভাবনী ধারণা শনাক্ত, উদ্যোক্তা দল গঠন, সমস্যা বিশ্লেষণ, প্রাথমিক মেন্টরিং এবং ধারণার গ্রহণযোগ্যতা যাচাইয়ে সহায়তা দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে প্রোটোটাইপ তৈরি, ন্যূনতম কার্যকর পণ্য (এমভিপি) উন্নয়ন, ব্যবহারকারী ও বাজার যাচাই এবং প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার জন্য অর্থায়ন করা হবে।

তৃতীয় পর্যায়ে পণ্যের উন্নয়ন, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি, বিনিয়োগের প্রস্তুতি, ডিউ ডিলিজেন্স এবং করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

নীতিমালায় অনুদানের ছয়টি ধরন রাখা হয়েছে। এগুলো হলো—আইডিয়া অনুদান, প্রোটোটাইপ উন্নয়ন অনুদান, প্রি-সিড অনুদান, সিড অনুদান, ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান এবং বিশেষ উদ্ভাবন অনুদান।

আইডিয়া অনুদানের অর্থ ধারণা যাচাই, উদ্যোক্তা দল গঠন, বাজার সমীক্ষা, প্রাথমিক গবেষণা ও নকশা তৈরিতে ব্যয় করা যাবে। প্রোটোটাইপ উন্নয়ন অনুদান ব্যবহার করা যাবে হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি, পরীক্ষণ এবং প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের কাজে।

প্রি-সিড অনুদানের মাধ্যমে এমভিপি তৈরি, বাজার যাচাই, প্রাথমিক গ্রাহক সংগ্রহ এবং ব্যবসায়িক মডেল উন্নয়নে সহায়তা দেওয়া হবে। অন্যদিকে, সিড অনুদানের অর্থ পণ্যের মানোন্নয়ন, বিপণন, গ্রাহক অর্জন, ব্যবসা সম্প্রসারণ, সনদায়ন এবং মেধাস্বত্ব নিবন্ধনে ব্যবহার করা যাবে।

এ ছাড়া বেসরকারি বিনিয়োগ পাওয়ার আগের সীমিত সময়ে স্টার্টআপের কার্যক্রম সচল রাখা এবং বিনিয়োগের উপযোগী করে তুলতে ইনভেস্টমেন্ট রেডিনেস ব্রিজ অনুদান দেওয়া হবে। এ ধরনের অনুদানের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস নির্ধারণ করা হয়েছে।

যেসব খাতের স্টার্টআপ অগ্রাধিকার পাবে

নীতিমালায় কয়েকটি খাতের উদ্ভাবনী উদ্যোগকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিপ টেক, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, আর্থিক প্রযুক্তি, জলবায়ু ও পরিবেশবান্ধব প্রযুক্তি, উৎপাদন ও শিল্প প্রযুক্তি এবং সৃজনশীল অর্থনীতি।

এ ছাড়া বায়োটেকনোলজি, সামাজিক উদ্ভাবন, সামুদ্রিক প্রযুক্তি, পরিবহন প্রযুক্তি, জ্বালানি প্রযুক্তি এবং অ্যাডভান্সড টেকনোলজিভিত্তিক উদ্যোগও অগ্রাধিকার পাবে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি, প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রসার এবং দেশের স্টার্টআপ খাতে বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।