দেশের বাজারে টানা তিন দফায় কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনায় দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। তিন দফায় স্বর্ণের গহনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।
এর আগে বুধবার (১১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। তারও আগে ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। টানা তিন দফায় বাড়ানোর পর কমানো হলো টানা তিন দফা।
এখন দেশের বাজারে এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।


