চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। প্রবাসীদের পাঠানো অর্থের এই ঊর্ধ্বমুখী প্রবাহে বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৯ কোটি ৩০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
এর আগে ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। ওই হিসাবে রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।


