আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে নাহিদা আক্তারের দল। তুবা হাসানের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পরে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় পাকিস্তান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলারদের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৮ রান।
পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তুবা হাসান। ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি। নাশরা সান্ধু শিকার করেন ২ উইকেট। এ ছাড়া ওয়াহিদা আখতার, মোমিনা রিয়াসাত ও উম্মে-হানি একটি করে উইকেট পান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ২০ বলের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। স্বর্না আক্তার ২০ বলে ২১ রান করেন। সাথি রানি ও অধিনায়ক নাহিদা আক্তারের ব্যাট থেকে আসে ১১ রান করে।
জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্য পায় পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে দলটি। ১৫ ওভার ৫ বল খেলে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
পাকিস্তানের হয়ে উদ্বোধনী ব্যাটার সাদাফ শামাস ৩৭ রান করেন। ৩৭ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক মুনিবা আলী ৩৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। আয়েশা জাফরও ছিলেন অপরাজিত। মাত্র ১৮ বলে চারটি চারের সাহায্যে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের হয়ে সোবহানা মোস্তারি ও স্বর্না আক্তার একটি করে উইকেট নেন।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ 'বি'-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। দুই পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে রয়েছে দলটি। দিনের অন্য ম্যাচে থাইল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।


