উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেয়েছে স্পেন। চোট কাটিয়ে দলে ফিরছেন তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। একই সাথে দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দলের বাইরে থাকা মিকেল ওয়ারসাবালও ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে খেলেননি ইয়ামাল ও ওয়ারসাবাল। হাঁটুর চোটের কারণে বার্সেলোনায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ইয়ামাল। অন্যদিকে, দ্বিতীয় সন্তানের জন্মের সময় উপস্থিত থাকতে সান সেবাস্তিয়ানে ছিলেন ওয়ারসাবাল।
স্পেনের টেলিভিশন চ্যানেল লা-১-কে দে লা ফুয়েন্তে বলেন, ‘লামিন এখন খুব ভালো অনুভব করছে এবং আগামীকাল দলের সাথে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে।’
ওয়ারসাবালের ফেরার বিষয়েও নিশ্চিত করেছেন স্পেনের কোচ। তিনি বলেন, ‘মিকেলও ফিরবে। একজন দুপুরে পৌঁছাবে, অন্যজন একটু পরে। তবে আগামীকাল দুজনই আমাদের সাথে থাকবে।’
ইংল্যান্ডের বিপক্ষে রবিবারের ম্যাচের আগে শুক্রবার সন্ধ্যায় দলের অনুশীলনেও অংশ নেওয়ার কথা রয়েছে দুজনের।
নেশনস লিগের লিগ ‘এ’-এর গ্রুপ-৩-এ বর্তমানে ইংল্যান্ডের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে স্পেন। ইংল্যান্ডের বিপক্ষে ড্র কিংবা জয় পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে দলটি। অবশ্য দুই দলই ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।


