...|...|...

বিশ্ব

স্টারলিংক কার্যক্রম নিয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:১২
Shares
স্টারলিংক কার্যক্রম নিয়ে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে ‘অননুমোদিত’ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রম নিয়ে নরওয়ের ভূমিকার প্রতিবাদে তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

রবিবার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়োর্নেস্তাদকে তলব করেন। এ সময় তাঁর হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি তুলে দেওয়া হয়।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক উদ্দেশ্যে’ স্টারলিংক পরিষেবার অপব্যবহার করছে। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিকানাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলেও দাবি করেন তিনি।

ইরানি কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংক পরিষেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ের কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাঁর দাবি, আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নরওয়ের দায়িত্ব।

তিনি আরও অভিযোগ করেন, স্টারলিংকের কার্যক্রম বন্ধে ইরান বারবার অনুরোধ জানালেও নরওয়ে তা আমলে নেয়নি। তেহরানের দাবি, এ ধরনের কার্যক্রম ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।

এ বিষয়ে নরওয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।