দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সৌরবিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য বিশেষ শুল্ক-কর সুবিধা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের জন্য নির্দিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিশেষ রেয়াতি সুবিধা দেওয়া হবে।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত এসব পণ্য আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সরকারের আশা, এ সুবিধার ফলে তুলনামূলক কম সময়ে নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা সহজ হবে এবং নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়বে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেলে বিদ্যুতের ঘাটতির কারণে জনজীবনে যে ভোগান্তি সৃষ্টি হয়, তা কমানো সম্ভব হবে। একই সাথে শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে শিল্পের উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি কমার পাশাপাশি বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার।
দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


