...|...|...

বিশ্ব

সৌদি-পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৫৬
Shares
সৌদি-পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ছবি: সংগৃহীত

সৌদি আরব ও পাকিস্তানের সাথে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে তিন দেশের মধ্যে সম্মিলিত নিরাপত্তা ও সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তিটি কার্যকর হওয়ার পথ আরও প্রশস্ত হলো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তুরস্কের জাতীয় পার্লামেন্টের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষে চুক্তিটি অনুমোদন করা হয়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।

পার্লামেন্টে ‘প্রজাতন্ত্র তুরস্ক, ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান এবং সৌদি আরব রাজ্যের মধ্যে যৌথ প্রতিরক্ষাবিষয়ক মক্কা চুক্তি অনুমোদন বিল’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করা হয়। পরে আইনপ্রণেতাদের আলোচনার পর এটি পাস হয়।

আলোচনাকালে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা জিয়া আলতুনিয়ালদিজ বলেন, চুক্তিটির মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করা। এটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। বরং সংঘাত উসকে দেওয়ার পরিবর্তে সম্ভাব্য সংঘাত প্রতিরোধ করাই এর উদ্দেশ্য।

তবে চুক্তির পরিধি ও তদারকিব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতা। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মেহমেত গুজেলমানসুর বলেন, চুক্তিটি যেন তুরস্কের অন্যান্য আন্তর্জাতিক বাধ্যবাধকতার সাথে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নিয়ম থাকা প্রয়োজন।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। একই সাথে দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক সমন্বয় বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে।

এ ছাড়া চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ।