...|...|...

বিশ্ব

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪৩
Shares
ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরানের ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করে দিতে হতে পারে। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে খুব শিগগিরই জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘এখন আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনোই না ঘটে?’

ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতেই হতে পারে। আর এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিধ্বস্ত অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওই সংঘাতের এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।

এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কি না এবং সেই প্রক্রিয়ায় ওয়াশিংটনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে এমন বক্তব্য দিলেও কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি মার্কিন প্রেসিডেন্ট।