সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির ছোড়া একটি ড্রোন প্রতিহত করার পর, সেটির ধ্বংসাবশেষের আঘাতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’র বরাতে জানিয়েছে আনাদোলু।
সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, প্রতিহত করা ড্রোনটির টুকরো শহরের বিভিন্ন আবাসিক এলাকায় পড়লে বেশ কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই এক ইয়েমেনি নাগরিক প্রাণ হারান।
আহতদের মধ্যে একজন সৌদি নারী এবং অন্যজন পাকিস্তানি নাগরিক, যার অবস্থা আশঙ্কাজনক। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি হুথি গোষ্ঠী উৎক্ষেপণ করেছিল। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবারও মক্কার আকাশসীমায় হুথিদের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছিল সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী।
গত জুলাই থেকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। এর মাধ্যমে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর বজায় থাকা আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটল।


