...|...|...

বিশ্ব

সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৯
Shares
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের চার অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, রবিবার (১৮ অক্টোবর) জাজান, আসির, আল-বাহা ও মক্কা অঞ্চলের বিভিন্ন অংশে এ সতর্কতা জারি করা হয়। এসব এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে এসব অঞ্চলের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। শক্তিশালী বাতাসের কারণে ধূলিঝড় বা বালুঝড়ও সৃষ্টি হতে পারে। এ ছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এতে সড়কে দৃশ্যমানতা কমে যেতে পারে।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন শহরে তাপমাত্রার পার্থক্য থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

এ ছাড়া মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। হেইলে তাপমাত্রা ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে। আবহাতে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং আল-বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বিভিন্ন অঞ্চলে উচ্চ আর্দ্রতার কথাও বলা হয়েছে। আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ আর্দ্রতার পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতা ৭০ শতাংশ, মদিনা ও হেইলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে ৩০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ধূলিঝড় ও কুয়াশার পূর্বাভাসের কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে আবহাওয়ার পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।