...|...|...

বিশ্ব

সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৮
Shares
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, বিমানঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রাগার লক্ষ্য করে ডজনখানেক হামলা চালানো হয়েছে। এতে ঘাঁটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে হুথিরা। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র বিমান হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি। তাদের অভিযোগ, গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে সৌদির যুদ্ধবিমান।

এদিকে খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করার পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সৌদির সিভিল ডিফেন্স। পাশাপাশি সাধারণ জনগণকে নিরাপদ স্থানে থাকতে ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না হলে সৌদির অভ্যন্তরে আরও তীব্র আক্রমণের হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই সৌদি জোটের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে হুথিরা। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে।